গুগলের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা

২১ অক্টোবর, ২০২০ ১৫:১৮  
প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ এনে গুগলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ। ইন্টারনেটে অনুসন্ধানে এবং অনলাইন বিজ্ঞাপনের উপর একচেটিয়া আধিপত্য বজায় রাখার দায়ে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাটিকে চলতি বছরের মধ্যে কোম্পানিটির বিরুদ্ধে মার্কিন নিয়ন্ত্রকদের আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এক বছরেরও বেশি সময় ধরে নিয়ন্ত্রক সংস্থার নিবিড় তদন্ত ও পর্যবেক্ষণ শেষে এমন মামলার মুখোমুখি হলো টেকজায়ান্ট। ফেডারেল আদালতে দায়ের করা এই অভিযোগ মার্কিন বিচার বিভাগ এবং আরও ১১টি রাজ্য থেকে করা হয়েছে। মামলায়, সার্চ ইঞ্জিন ব্রাউজার এবং মোবাইল ফোনের মতো ডিভাইসে ডিফল্ট অপশন হিসেবে ইনস্টল করতে গুগল প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে বলেও অভিযোগ করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, এই ব্যয় ইন্টারনেটে "গেটকিপার" হিসেবে গুগলের স্থান সুরক্ষিত করতে সাহায্য করেছে, যার ফলে এটি যুক্তরাষ্ট্রে প্রায় ৮০% অনুসন্ধান প্রশ্নের জন্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের মালিকদের নিজস্ব নিয়ন্ত্রণ ক্ষমতা দেয়। এদিকে মঙ্গলবার দায়ের করা এই মামলাকে "গভীরভাবে ত্রুটিপূর্ণ" বলে অভিহিত করেছে গুগল। তাদের দাবি, তীব্রভাবে প্রতিযোগিতা করেই তারা গ্রাহকদের পছন্দের প্রথম ভাগে রয়েছে। মানুষ গুগল ব্যবহার করে কারণ তারা এটি পছন্দ করে অথবা তারা বিকল্প খুঁজে পায় না।